ক্লোজ করা কার্ড পুনরায় নিতে গেলে রিপ্লেসমেন্ট চার্জ কতটা যৌক্তিক? | How Justifiable is a ‘Replacement’ Fee When Reapplying for a Previously Closed Card?
ডিজিটাল ব্যাংকিংয়ের এই যুগে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড আমাদের দৈনন্দিন আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ অংশ। কোনো কার্ড হারিয়ে গেলে, চুরি হলে, নষ্ট হলে বা অন্য কোনো প্রযোজ্য কারণে রিপ্লেসমেন্ট বা রিইস্যু প্রয়োজন হলে ব্যাংক কর্তৃক নির্ধারিত ফি নেওয়ার যৌক্তিকতা নিয়ে এই আলোচনার উদ্দেশ্য কোনো প্রশ্ন তোলা নয়। ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান এবং কার্ড উৎপাদন, ব্যক্তিগতকরণ, নিরাপত্তা, ডেলিভারি ও সংশ্লিষ্ট সেবার বাস্তব ব্যয় রয়েছে। তাই প্রযোজ্য ক্ষেত্রে রিপ্লেসমেন্ট বা রিইস্যু ফি নেওয়া স্বাভাবিক ও গ্রহণযোগ্য।
আলোচনার মূল বিষয়টি হলো পার্মানেন্টলি ক্লোজ বা ক্যানসেল করা কার্ডের ক্ষেত্রে পরবর্তী নতুন কার্ড ইস্যু। কোনো গ্রাহক পূর্ববর্তী ডেবিট কার্ড স্থায়ীভাবে বন্ধ করার পর ভবিষ্যতে আবার একই ধরনের কার্ড নিতে চাইলে, সেটিকে কি নতুন করে ফ্রেশ কার্ড ইস্যুয়েন্স হিসেবে বিবেচনা করা উচিত, নাকি পূর্ববর্তী বন্ধ কার্ডকে “প্যারেন্ট কার্ড” দেখিয়ে নতুন কার্ডের ওপর অতিরিক্ত রিপ্লেসমেন্ট বা রিইস্যু ফি আরোপ করা যৌক্তিক? বাংলাদেশে কিছু ব্যাংক ও কার্ড ইস্যুয়ারের চার্জিং স্ট্রাকচার-এ এমন প্র্যাকটিস দেখা যায়। এই আলোচনায় তাই রিপ্লেসমেন্ট চার্জের বিরুদ্ধে অবস্থান না নিয়ে দেখব—বাংলাদেশের ব্যাংকিং প্র্যাকটিসে এ ধরনের নীতি কীভাবে প্রয়োগ হচ্ছে, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত কার্ড ইস্যুয়াররা একই পরিস্থিতিকে কীভাবে বিবেচনা করে এবং স্বচ্ছতা, ন্যায্যতা ও কাস্টমার ভ্যালু-ফর-মানির দৃষ্টিকোণ থেকে কোন চার্জিং স্ট্রাকচার সবচেয়ে যৌক্তিক হওয়া উচিত।
আজকের আলোচনায় ব্যাংকিং মার্ট-এ আমরা বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু ব্যাংক কর্তৃক গ্রাহকদের কাছ থেকে নেওয়া একটি সমালোচিত ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট চার্জ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিষয়টি শুধু একটি নির্দিষ্ট চার্জের পরিমাণ নিয়ে নয়; বরং এই চার্জের যৌক্তিকতা, প্রয়োগের ধরন এবং গ্রাহকের প্রতি এর স্বচ্ছতা নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে।
তাই প্রত্যাশা থাকবে, আপনারা পুরো কনটেন্টটি মনোযোগ দিয়ে পড়বেন এবং বিষয়টির প্রতিটি দিক বোঝার চেষ্টা করবেন। কারণ এখানে আমাদের উদ্দেশ্য কোনো পক্ষকে অযথা সমালোচনা করা নয়; বরং তথ্য, নীতি ও বাস্তব ব্যাংকিং প্র্যাকটিসের আলোকে বিষয়টিকে বিশ্লেষণ করা এবং একজন গ্রাহকের দৃষ্টিকোণ থেকে এর যৌক্তিকতা মূল্যায়ন করা।
চলুন তাহলে, ধরা যাক, আপনার কোন একটি ব্যাংকে সেভিংস বা কারেন্ট একাউন্টের এগেইনস্টে একটি ডেবিট কার্ড ইতোমধ্যে চালু ছিল। কোনো কারিগরি সমস্যা, হারিয়ে যাওয়া বা চুরির কারণে নয়, আপনি নিজেই ব্যাংকের নিয়ম মেনে সেই কার্ডটি স্থায়ীভাবে বন্ধ করে দিলেন। কার্ডটি আর সক্রিয় নেই, ব্যবহারযোগ্যও নেই এবং আপনার কাছে বর্তমানে কোনো সক্রিয় কার্ডও নেই।
পরবর্তী কোন এক সময় আপনার প্রয়োজনে আবার ব্যাংকের কাছে আবেদন করলেন একই ক্যাটাগরির একটি নতুন ডেবিট কার্ড নেওয়ার জন্য। আজকের আলোচনার মূল প্রশ্ন এখানেই। এখন প্রশ্ন হলো, এই নতুন কার্ডটি কি একটি নতুন করে ইস্যু করা কার্ড, নাকি আগের বন্ধ হয়ে যাওয়া কার্ডের রিপ্লেসমেন্ট?
এখানে যদি ব্যাংক নতুন কার্ডের জন্য প্রযোজ্য ফ্রেশ কার্ড ইস্যুয়েন্স বা বাৎসরিক ফি নেয়, তাহলে একই সঙ্গে পূর্বে বন্ধ হয়ে যাওয়া কার্ডের বিপরীতে আবার রিপ্লেসমেন্ট বা রিইস্যু ফি নেওয়ার যৌক্তিকতা কোথায়?
দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে কেউ আমাকে ভুল বোঝার চেষ্টা করবেন না। এখানে আমি রিপ্লেসমেন্ট ফি এর বিরুদ্ধে বলছি না। বরং প্রশ্নটি হলো একই কার্ড সম্পর্ককে কীভাবে শ্রেণিবদ্ধ করা হচ্ছে এবং একই গ্রাহকের কাছ থেকে একই কার্ড ইস্যুর সঙ্গে সম্পর্কিত একাধিক চার্জ কেন নেওয়া হচ্ছে ঠিক সেই সম্পর্কে।
রিপ্লেসমেন্ট ও নতুন কার্ড ইস্যু কি একই বিষয়?Card Replacement vs. New Card Issuance: Are They the Same?
সাধারণ অর্থে রিপ্লেসমেন্ট বলতে বোঝায়, একটি বিদ্যমান কার্ডের পরিবর্তে অন্য একটি কার্ড দেওয়া।
আমরা যদি কিছু উদাহরণ ব্যবহার করি:
- কার্ড হারিয়ে গেছে
- কার্ড চুরি হয়েছে
- কার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে
- কার্ড কাজ করছে না
উপরোক্ত কারণগুলো ছাড়াও যদি নির্দিষ্ট পরিস্থিতিতে কার্ডের মেয়াদ শেষ হয়েছে এবং নতুন কার্ড দেওয়া হয়েছে ইত্যাদি ক্ষেত্রগুলোতে পূর্ববর্তী কার্ডের জায়গায় নতুন কার্ড আসছে। তাই রিপ্লেসমেন্ট ফি থাকলে সেটির যৌক্তিক ভিত্তি রয়েছে।
কিন্তু একজন গ্রাহক যদি নিজের সিদ্ধান্তে পূর্বের কার্ডটি স্থায়ীভাবে বন্ধ করে দেন এবং পরবর্তীতে কোনো সক্রিয় কার্ড ছাড়াই নতুন করে একই ক্যাটাগরির কিংবা ভিন্ন কোন ক্যাটাগরির কার্ডের জন্য আবেদন করেন, তাহলে বিষয়টি স্বাভাবিকভাবেই কিছুটা ভিন্ন।
এখানে আগের কার্ডটি তো আর সক্রিয় নেই যে সেটিকে রিপ্লেসমেন্ট করা হচ্ছে। বরং গ্রাহক নতুন করে একই ধরনের একটি কার্ডের জন্য আবেদন করছেন।
তাহলে নতুন কার্ডের ফ্রেশ ইস্যুয়েন্স বা বার্ষিক ফি নেওয়ার পাশাপাশি আগের বন্ধ কার্ডের বিপরীতে রিপ্লেসমেন্ট বা রিইস্যু ফি নেওয়া হলে সেটির ভিত্তি কী?
আন্তর্জাতিক ব্যাংকিং প্র্যাকটিস কী বলে?
এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। বিশ্বের সব ব্যাংক রিপ্লেসমেন্ট ফি নেয় না, আবার সব ব্যাংক বিনামূল্যেও রিপ্লেসমেন্ট করে না। রিপ্লেসমেন্ট ফি নিয়ে কোনো একক বৈশ্বিক নীতি নেই। বরং বিভিন্ন দেশের বড় ব্যাংকের প্রকাশিত নীতিমালা দেখলে দেখা যায়, তারা সাধারণত রিপ্লেসমেন্ট কে একটি নির্দিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত করে।
আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকা এর প্রকাশিত তথ্য অনুযায়ী, তাদের বিজনেস ডেবিট কার্ড এর রিপ্লেসমেন্ট এর জন্য কোনো রিপ্লেসমেন্ট ফি নেই; তবে রাশ ডেলিভারি (Rush Delivery) এর ক্ষেত্রে আলাদা ফি প্রযোজ্য হতে পারে।
অর্থাৎ এখানে স্ট্যান্ডার্ড রিপ্লেসমেন্ট এবং অতিরিক্ত দ্রুত সরবরাহের মতো বিশেষ সেবাকে আলাদা করে দেখা হচ্ছে।
যুক্তরাজ্যের Barclays এর ক্ষেত্রেও Lost, Stolen বা Damaged Card এর জন্য আলাদা রিপ্লেসমেন্ট প্রসেস রয়েছে। গ্রাহক কার্ড হারানো বা চুরি যাওয়ার বিষয়টি জানালে পুরোনো কার্ডটি ব্লক করে নতুন কার্ডের জন্য আবেদন করতে পারেন। ক্ষতিগ্রস্ত কার্ডের ক্ষেত্রেও রিপ্লেসমেন্ট প্রসেস রয়েছে। Barclays এর প্রকাশিত তথ্য আরও দেখায়, মেয়াদ শেষ হলে পার্সোনালাইজড ডেবিট কার্ড স্বয়ংক্রিয়ভাবে নতুন কার্ড দিয়ে রিপ্লেসমেন্ট করা হয় এবং এর জন্য অতিরিক্ত পার্সোনালাইজেশন চার্জ নেওয়া হয় না। অর্থাৎ আন্তর্জাতিক ব্যাংকিং প্র্যাকটিস এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, কেন নতুন কার্ড দেওয়া হচ্ছে, সেটি আলাদাভাবে বিবেচনা করা।
সিঙ্গাপুরের DBS ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ:
সিঙ্গাপুরের DBS এর একটি প্রকাশিত এটিএম কার্ড Replacement form-এ রিপ্লেসমেন্ট এবং ক্যান্সেলেশন কে আলাদা বিষয় হিসেবে দেখানো হয়েছে।
সেখানে Lost Card/PIN, Forgotten PIN এবং Damaged Card-এর মতো পরিস্থিতিতে রিপ্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে এবং নির্দিষ্ট ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ফি এর কথাও বলা হয়েছে। একই ডকুমেন্টে আলাদাভাবে বলা হয়েছে Cancel Card. Do not replace Card অর্থাৎ কার্ড ক্যান্সেলেশন এবং কার্ড রিপ্লেসমেন্ট কে একই কাজ হিসেবে দেখানো হয়নি। এই উদাহরণটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ একজন গ্রাহক যখন একটি কার্ড ক্যানসেল করেন এবং রিপ্লেসমেন্ট না চান, তখন সেটি একটি স্বতন্ত্র সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে পরবর্তীতে একই ধরনের কার্ড নেওয়ার বিষয়টি রিপ্লেসমেন্ট এর সঙ্গে কীভাবে সম্পর্কিত হবে, সেটি ব্যাংকের স্পষ্ট নীতির বিষয় হওয়া উচিত।
অপরদিকে TD এর প্রকাশিত একটি কার্ড ফি সিডিউল এ Lost, Stolen বা Damaged Card এর রিপ্লেসমেন্ট এর জন্য নির্দিষ্ট রিপ্লেসমেন্ট ফি এবং এক্সপ্রেস রিপ্লেসমেন্ট এর জন্য আলাদা উচ্চতর ফি রাখা হয়েছে। অর্থাৎ রিপ্লেসমেন্ট ফি নিজেই অস্বাভাবিক কোনো বিষয় নয়। আপত্তির জায়গাটি হলো ক্লাসিফিকেশন (Classification) এবং ডাবল চার্জিং (Double Charging)
তাহলে বিতর্কিত জায়গাটি কোথায়?
তাহলে আসুন আমরা আবারো একটি উদাহরণে যাই, ধরা যাক, একজন গ্রাহকের একটি কার্ড ছিল।
তিনি নিজেই ব্যাংকের নিয়ম মেনে কার্ডটি স্থায়ীভাবে বন্ধ (Permanently Close) করলেন। এরপর সেই কার্ডের কোনো, Active Status নেই। গ্রাহকের বর্তমানে কোনো সক্রিয় কার্ড নেই। কিছুদিন পর তিনি আবার একই ক্যাটাগরির কার্ডের জন্য নতুন করে আবেদন করলেন।
ব্যাংক যদি বলে, এটি একটি নতুন কার্ড, তাই নতুন কার্ডের বার্ষিক/ফ্রেশ কার্ড ফি দিতে হবে। এটি একটি অবস্থান।
কিন্তু একই সঙ্গে যদি ব্যাংক বলে, আপনার পূর্বে একই প্রোডাক্ট এর একটি কার্ড ছিল, তাই সেটির এগেইনস্টে কিংবা পূর্ববর্তী কার্ডটিকে প্যারেন্ট কার্ড হিসাবে দেখিয়ে তার অধীনে একটি রিপ্লেসমেন্ট ফি ও দিতে হবে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, যখন আগের কার্ডটি ইতোমধ্যে গ্রাহকের অনুরোধে স্থায়ীভাবে বন্ধ (Permanently Closed) তখন নতুন কার্ডটি কোন কার্ডকে রিপ্লেস করছে?
এটি কি সত্যিই পূর্ববর্তী কার্ডের রিপ্লেসমেন্ট, নাকি পূর্ববর্তী কার্ড ক্লোজ করার পর নতুন করে নেওয়া একটি ফ্রেশ কার্ড? যদি এটি ফ্রেশ কার্ড হয়, তাহলে রিপ্লেসমেন্ট ফি কেন? আর যদি এটি রিপ্লেসমেন্টই হয়, তাহলে একই সঙ্গে ফ্রেশ কার্ড ইস্যুয়েন্স বা নতুন কার্ডের জন্য প্রযোজ্য আলাদা চার্জ কেন? একটি কার্ডকে একই সময়ে ফ্রেশ ইস্যুয়েন্স এবং পূর্ববর্তী কার্ডের রিপ্লেসমেন্ট হিসেবে বিবেচনা করার যৌক্তিকতা কী? এ ক্ষেত্রে ব্যাংকের নীতিমালায় কার্ডটির ক্লাসিফিকেশন এবং প্রযোজ্য চার্জের ভিত্তি স্পষ্টভাবে উল্লেখ থাকা প্রয়োজন।
আমরা এবার বিষয়টি আরও সহজভাবে তুলে ধরি:
পরিস্থিতি ১: প্রকৃত অর্থে রিপ্লেসমেন্ট
কার্ড হারিয়ে গেছে কিংবা ফিজিক্যালি ড্যামেজ হয়ে গিয়েছে:
→ গ্রাহক কার্ডটি ব্লক করলেন → ব্যাংক পুরোনো কার্ডের পরিবর্তে নতুন কার্ড দিল → রিপ্লেসমেন্ট ফি প্রযোজ্য, এখানে কোনো সমস্যা নেই ও এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।
পরিস্থিতি ২: গ্রাহকের নিজস্ব সিদ্ধান্তে কার্ড ক্লোজ
গ্রাহক কার্ডটি স্বেচ্ছায় ব্যাংকে জমা দিয়ে স্থায়ীভাবে বন্ধ করলেন।
→ পুরোনো কার্ডের কার্যক্রম শেষ → গ্রাহকের কোনো সক্রিয় কার্ড নেই → পরবর্তীতে তিনি আবার একই কার্ডের জন্য আবেদন করলেন → ব্যাংক নতুন কার্ড ইস্যু করল। এখানে প্রশ্ন হলো, এই নতুন কার্ডটি কি নতুন ইস্যুকৃত কার্ড নাকি ক্লোজ কার্ড এর রিপ্লেসমেন্ট? একই সঙ্গে দুটির ফি আরোপ করা হলে সেটির নীতিগত ভিত্তি কী?
আমরা যদি গ্লোবাল ব্যাংকিং প্র্যাকটিস ফলো করি তাহলে দেখতে পাই:
আন্তর্জাতিক ব্যাংকিং প্র্যাকটিসের তথ্যগুলো থেকে আমাদের আলোচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি কার্ড স্থায়ীভাবে বন্ধ বা ক্লোজ হয়ে যাওয়ার পর একই গ্রাহক ভবিষ্যতে নতুন করে কার্ড নিলে সেটিকে স্বয়ংক্রিয়ভাবে রিপ্লেসমেন্ট হিসেবে দেখানোর বিষয়টি আলাদা করে বিবেচনা করা প্রয়োজন। বার্কলেজ, ডিবিএস, ব্যাংক অব আমেরিকা ও টিডি ব্যাংকের প্রকাশিত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, তারা মূলত হারানো, চুরি, ক্ষতিগ্রস্ত বা বিদ্যমান কার্ড পরিবর্তনের মতো পরিস্থিতিকে রিপ্লেসমেন্টের আওতায় সংজ্ঞায়িত করে। অন্যদিকে কার্ড ক্যানসেলেশন বা বন্ধ করার বিষয়টিকে পৃথক প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করার উদাহরণও রয়েছে।
অর্থাৎ আন্তর্জাতিক বাস্তবতায় রিপ্লেসমেন্টের সঙ্গে একটি সক্রিয় বা বিদ্যমান কার্ডের সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়। ফলে কোনো কার্ড যদি ইতোমধ্যে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, এরপর একই গ্রাহক নতুন করে কার্ডের জন্য আবেদন করেন, তখন সেটিকে পূর্ববর্তী বন্ধ কার্ডের রিপ্লেসমেন্ট হিসেবে গণ্য করার পরিবর্তে এটি ফ্রেশ কার্ড ইস্যুয়েন্স নাকি রিপ্লেসমেন্ট এই শ্রেণিবিন্যাসের স্পষ্ট ভিত্তি থাকা প্রয়োজন। এখানেই আমাদের মূল প্রশ্ন ।
বাংলাদেশের কিছু ব্যাংকগুলোর পূর্ববর্তী একটি পার্মানেন্টলি ক্লোজড কার্ডকে “প্যারেন্ট কার্ড” হিসেবে দেখিয়ে পরবর্তী নতুন কার্ডের ওপর রিপ্লেসমেন্ট বা রিইস্যু চার্জ আরোপ করা হলে, সেই শ্রেণিবিন্যাস আন্তর্জাতিক ব্যাংকিংয়ের প্রচলিত ধারণা ও গ্রাহক স্বচ্ছতার নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ?
বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য প্রশ্ন
তাহলে বাংলাদেশের কোনো ব্যাংক যদি এমন নীতি অনুসরণ করে যে,পূর্ববর্তী একটি কার্ড গ্রাহক নিজে স্থায়ীভাবে বন্ধ করেছেন, বর্তমানে তার কোনো সক্রিয় কার্ড নেই, কিন্তু পরবর্তীতে একই কার্ড আবার গ্রহণ করতে চাইলে তাকে একই সঙ্গে নতুন কার্ডের নির্ধারিত ফি এবং পূর্ববর্তী কার্ডের বিপরীতে রিপ্লেসমেন্টের ফি দিতে হবে। তাহলে প্রশ্ন করা অযৌক্তিক নয়, বরং ব্যাংকের কাছে পরিষ্কারভাবে জানতে চাওয়া যেতে পারে:
১। স্থায়ীভাবে বন্ধ করা কার্ড কি ব্যাংকের সিস্টেমে রিপ্লেসমেন্টের জন্য একটিভ কার্ড হিসেবে বিবেচিত হয়?
২। স্থায়ীভাবে বন্ধ করা কার্ডের বিপরীতে পরবর্তীতে ইস্যু করা কার্ডকে রিপ্লেসমেন্ট হিসেবে গণ্য করার সুনির্দিষ্ট সংজ্ঞা কী?
৩। একই নতুন কার্ডের ক্ষেত্রে ফ্রেশ কার্ড ইস্যুয়েন্স / অ্যানুয়াল ফি এবং রিপ্লেসমেন্ট ফি দুটি আলাদা চার্জ একসঙ্গে নেওয়ার কারণ কী?
৪। এই চার্জের কোন অংশটি নতুন কার্ড তৈরির ব্যয় এবং কোন অংশটি পুরোনো কার্ডের রিপ্লেসমেন্ট সার্ভিসের জন্য?
৫। বিশ্বের অন্যান্য ব্যাংকের তুলনায় এই চার্জিং স্ট্রাইকারের ভিত্তি কী?
৬। এই বিষয়টি ব্যাংকের প্রকাশিত সিডিউল অব চার্জেস এবং টার্মস অ্যান্ড কন্ডিশনস গ্রাহকের কাছে কতটা স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে?
গ্রাহকের জন্য বিষয়টি কেন গুরুত্বপূর্ণ?
একজন গ্রাহক যখন একটি কার্ড নিজে থেকে স্থায়ীভাবে বন্ধ করেন, তখন তিনি সেই কার্ডের ব্যবহার এবং সম্পর্কিত সুবিধা পরিত্যাগ করছেন। পরবর্তীতে তিনি আবার একই পণ্য গ্রহণ করলে ব্যাংক অবশ্যই তার নির্ধারিত নিয়ম অনুযায়ী নতুন কার্ডের জন্য ফি নিতে পারে, যদি সেই ফি এর পূর্বঘোষিত ভিত্তি থাকে।
কিন্তু একই নতুন কার্ডকে আবার পূর্ববর্তী একটি বন্ধ কার্ডের রিপ্লেসমেন্ট হিসেবে গণ্য করে অতিরিক্ত ফি আরোপ করা হলে গ্রাহকের কাছে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয় এই মর্মে, আমি তো আমার পুরোনো কার্ডটি রিপ্লেস করতে বলিনি। আমি সেটি বন্ধ করে দিয়েছিলাম। তাহলে এখন যে কার্ডটি নিচ্ছি, সেটি কোন কার্ডের রিপ্লেসমেন্ট? এই প্রশ্নের একটি পরিষ্কার, লিখিত এবং নীতিগত উত্তর থাকা উচিত।
এটি কি ডাবল চার্জিং?
প্রতিটি ক্ষেত্রে একে সরাসরি ডাবল চার্জিং বলা ঠিক হবে না। কারণ ব্যাংকের টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি স্পষ্টভাবে বলা থাকে যে নির্দিষ্ট পরিস্থিতিতে দুটি ফি প্রযোজ্য হবে, তাহলে সেটি ব্যাংকের প্রকাশিত প্রাইসিং পলিসি (Pricing Policy) এর অংশ হতে পারে। কিন্তু ফি বৈধভাবে প্রকাশ করা হয়েছে কি না এবং ফি এর নীতিগত ও সেবাভিত্তিক যৌক্তিকতা আছে কি না এ দুটি আলাদা প্রশ্ন। তাই এখানে মূল প্রশ্ন হওয়া উচিত, একই কার্ড ইস্যুর ঘটনায় দুটি পৃথক ফি নেওয়া হলে প্রতিটি ফি এর বিপরীতে গ্রাহক কোন পৃথক সেবা বা মূল্য পাচ্ছেন? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাস্টমার ভ্যালু-ফর-মানি এর প্রশ্ন।
বাংলাদেশের ব্যাংক গুলোর এ ধরনের নীতির মূল্যায়ন কি হতে পারে?
ব্যাংকগুলো অবশ্যই তাদের সেবা ও কার্ড পরিচালনার জন্য যুক্তিসঙ্গত ফি নির্ধারণ করতে পারে। এমনকি গ্রাহকও জানেন যে কার্ড তৈরি, পার্সোনালাইজেশন, ডেলিভারি, সিকিউরিটি। এবং অন্যান্য কার্যক্রমের সঙ্গে ব্যাংকের ব্যয় রয়েছে। কিন্তু একটি ফি এর যৌক্তিকতা শুধু তার নামের ওপর নির্ভর করে না। রিপ্লেসমেন্ট ফি নাম দেওয়া হয়েছে বলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে যৌক্তিক হয়ে যায় না।
প্রশ্ন হলো, বাস্তবে কী রিপ্লেসমেন্ট করা হচ্ছে?
একটি কার্ড যদি Lost, Stolen বা Damaged হয় এবং তার পরিবর্তে নতুন কার্ড দেওয়া হয়, তাহলে রিপ্লেসমেন্টের ফি একটি সুস্পষ্ট ভিত্তি রয়েছে।
কিন্তু একটি কার্ড যদি গ্রাহক নিজেই স্থায়ীভাবে বন্ধ করে দেন এবং পরবর্তীতে কোনো সচল কার্ড ছাড়াই একই প্রোডাক্ট নতুন করে গ্রহণ করেন, তাহলে সেই নতুন কার্ডকে কেন পূর্ববর্তী ক্লোজ কার্ড এর রিপ্লেসমেন্ট হিসেবে গণ্য করা হচ্ছে। ব্যাংকের কাছ থেকে এর একটি পরিষ্কার ব্যাখ্যা প্রত্যাশা করা খুবই স্বাভাবিক।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কি বলে?
বাংলাদেশের বর্তমান ব্যাংকিং বাস্তবতায়, যেখানে আমরা এখনো উন্নত বিশ্বের মতো পূর্ণাঙ্গ গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সংস্কৃতি গড়ে তুলতে পারিনি, সেখানে চার্জিং নীতিমালা আরও বেশি ন্যায্য, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব হওয়াই প্রত্যাশিত। অথচ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া একটি কার্ডকে পরবর্তীতে নতুন কার্ড ইস্যুর ক্ষেত্রেও রিপ্লেসমেন্ট হিসেবে দেখিয়ে অতিরিক্ত চার্জ আরোপের মতো নীতি যদি প্রয়োগ করা হয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে আমাদের চার্জিং পলিসি কি এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে উন্নত বিশ্বের স্বনামধন্য ব্যাংকের নীতিকেও হার মানাচ্ছে? যদি তাই হয়, তবে এটি কোনোভাবেই আমাদের ব্যাংকিং খাতের জন্য শুভ বার্তা নয়, বরং গ্রাহক আস্থা ও ন্যায্যতার প্রশ্নে এটি অত্যন্ত উদ্বেগজনক একটি বিষয়।
সুতরাং, একজন ফিনটেক কনটেন্ট রাইটার হিসেবে আমি স্পষ্ট করে বলতে চাই, এই কনটেন্টের উদ্দেশ্য কোনোভাবেই রিপ্লেসমেন্ট চার্জের বিরোধিতা করা নয়। ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান পরিচালনা ও সেবা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট প্রযোজ্য ক্ষেত্রে চার্জ আরোপ করার অধিকার তাদের রয়েছে। একই সঙ্গে ব্যাংকিং খাতকে নীতিমালা ও বিধিবিধানের আওতায় রাখার জন্য যথাযথ নিয়ন্ত্রক কর্তৃপক্ষও রয়েছে। তাই আমি কোনো ব্যাংকবিরোধী অবস্থান থেকে, কিংবা কোনো নির্দিষ্ট ব্যাংককে লক্ষ্য করে বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই আলোচনা করছি না।
বরং একজন ফিনটেক কনটেন্ট রাইটার হিসেবে আমার উদ্দেশ্য হলো ব্যাংকিং খাতকে আরও স্বচ্ছ, গ্রাহকবান্ধব ও উন্নত করার লক্ষ্যে যৌক্তিক প্রশ্ন উত্থাপন করা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোই যদি না থাকে, তাহলে আমাদের মতো ফিনটেক কনটেন্ট রাইটারদের আলোচনার ক্ষেত্রই বা কোথায়? তাই সমালোচনা এখানে বিরোধিতা নয়, বরং প্রয়োজনীয় প্রশ্ন, বিশ্লেষণ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করার একটি প্রচেষ্টা।
আমি বলছি না যে ব্যাংককে সব ধরনের কার্ড রিপ্লেসমেন্ট বিনামূল্যে দিতে হবে। আমি শুধু একটি নির্দিষ্ট চার্জিং প্র্যাকটিস নিয়ে প্রশ্ন তুলছি। একটি কার্ড যদি গ্রাহকের অনুরোধে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে সেই গ্রাহক নতুন করে একই কার্ড প্রোডাক্ট গ্রহণ করেন, তাহলে নতুন কার্ডের ফ্রেশ ইস্যুয়েন্স বা অ্যানুয়াল ফি নেওয়ার পাশাপাশি পূর্বে বন্ধ হয়ে যাওয়া কার্ডের বিপরীতে আবার রিপ্লেসমেন্ট ফি নেওয়ার যৌক্তিকতা কী? এটি ব্যাংকের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা উচিত।
বিশ্বের বড় ব্যাংকগুলোর প্রকাশিত নীতিমালা দেখলে বোঝা যায়, রিপ্লেসমেন্ট সাধারণত Lost, Stolen, Damaged বা নির্দিষ্ট কার্ড পরিস্থিতির সঙ্গে যুক্ত। একই সঙ্গে কিছু ব্যাংক কার্ড ক্যান্সেলেশন কে রিপ্লেসমেন্ট থেকে আলাদা প্রক্রিয়া হিসেবে বিবেচনা করে।
তাই বাংলাদেশের ব্যাংকগুলোর কাছেও প্রত্যাশা থাকবে নতুন কার্ড ইস্যুয়েন্স, রিনিউয়াল। এবং রিপ্লেসমেন্ট/রিইস্যু এর সংজ্ঞা ও চার্জ স্ট্রাকচার গ্রাহকের কাছে আরও স্বচ্ছভাবে উপস্থাপন করা হোক। কারণ ব্যাংকিংয়ের ক্ষেত্রে শুধু ফি নেওয়াই গুরুত্বপূর্ণ নয়।
প্রতিটি ফি এর পেছনে কী সেবা দেওয়া হচ্ছে, কেন সেটি নেওয়া হচ্ছে এবং একই ঘটনার জন্য গ্রাহককে একাধিকবার মূল্য দিতে হচ্ছে কি না, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
এসএম শামীম হাসান
হেড অব কনটেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি, ব্যাংকিং মার্ট
ইমেইল: shamiminsider@gmail.com
তথ্যসূত্র:
1. Bank of America : Business Debit Card Replacement Policy
2. Barclays : Damaged, Lost or Stolen Debit Card Replacement
3. Barclays : Personalised Debit Card FAQ
4. DBS Bank Singapore : ATM Card Replacement / Cancellation Form
5. TD Bank : TD Go Card Fee Summary

0 Comments: