ট্রেন্ডিং
ডাটা প্রস্তুত করা হচ্ছে......
প্রতারণার ফাঁদে মেটাল কার্ড | Metal Card Scam Awareness

প্রতারণার ফাঁদে মেটাল কার্ড | Metal Card Scam Awareness

প্রতারণার ফাঁদে মেটাল কার্ড


প্লাস্টিক কার্ড ব্যবহার করতে করতে একঘেয়েমি লাগছে? আর পাশেই কারও হাতে থাকা মেটাল কার্ড দেখে কি সেটিকে একটু বেশি প্রিমিয়াম ও আকর্ষণীয় মনে হচ্ছে?

আপনি যে ব্যাংকের কার্ড হোল্ডার হয়তো তাদের মেটাল সেগমেন্টের কার্ড নেই অথবা অত্যন্ত ব্যয়বহুল । যেমন বাংলাদেশে আছে আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম রিজার্ভ ক্রেডিট কার্ড। এটা একটি মেটাল কার্ড। এর খরচ এবং কার্ড প্রাপ্তির রিকোয়ারমেন্ট গুলোও আকাশচুম্বী। 

কিন্তু স্বপ্ন তো থেকেই যায়। এখন যদি কোনো থার্ড পার্টি প্রতিষ্ঠান আপনার বর্তমান প্লাস্টিক কার্ডটির সব তথ্য ও ফিচার অপরিবর্তিত রেখেই সেটিকে একটি প্রিমিয়াম মেটাল কার্ডে রূপান্তর করে দেওয়ার অফার দেয়, তাহলে প্রস্তাবটি কি একবার হলেও লোভনীয় মনে হবে না?

ঠিক সেই মুহূর্তেই অনেকেই প্রতারণার ফাঁদে পা দেন, আর একসময় ঝুঁকির মুখে পড়ে যায় কষ্টার্জিত সঞ্চয় ও গচ্ছিত আমানত। আপনিও কি কখনও এমন ফাঁদে পড়েছেন, পড়তে গিয়েছিলেন, কাউকে এর শিকার হতে দেখেছেন, কিংবা না বুঝেই এমন কোনো সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন?

তাহলে আজকের এই কনটেন্টটি বিশেষভাবে আপনার জন্য।

বর্তমান সময়ে ব্যাংকিং ও কার্ডভিত্তিক প্রতারণা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এটি আমাদের সবারই জানা। বিশেষ করে প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ড বা কাস্টমাইজড কার্ডে রূপান্তরের নামে বিভিন্ন ব্যক্তি ও অননুমোদিত প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় অফার প্রচার করছে। অনেক ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে কার্ড নম্বর, সিভিভি, ওটিপি, মেয়াদোত্তীর্ণ তারিখসহ সংবেদনশীল তথ্য সংগ্রহ করে প্রতারণা করা হচ্ছে।

এই ধরনের প্রতারণার মাধ্যমে শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, ব্যক্তিগত তথ্য ফাঁস, অননুমোদিত লেনদেন, অ্যাকাউন্ট হ্যাকিং এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হতে পারে। অনেক গ্রাহক না বুঝেই নিজেদের কার্ডের ছবি, ওটিপি অথবা সিভিভি শেয়ার করেন, যা সরাসরি আর্থিক নিরাপত্তার জন্য বড় হুমকি।

মেটাল কার্ড কি ?
What is a Metal Card

মেটাল কার্ড আসলে কী, এটি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা সবচেয়ে জরুরি। বাস্তবিক অর্থে, মেটাল কার্ড এবং প্লাস্টিক কার্ড, দুটিই মূলত ব্যাংকিং কার্ড এবং কাজের দিক থেকে উভয়ই একই ধরনের লেনদেন সম্পন্ন করতে সক্ষম। পার্থক্যটি মূলত নির্মাণ উপাদান, ডিজাইন ও ব্যবহারকারীর অভিজ্ঞতায়।

সাধারণ প্লাস্টিক কার্ড যেখানে পিভিসি উপাদান দিয়ে তৈরি হয়, সেখানে মেটাল কার্ড সাধারণত স্টেইনলেস স্টিল বা অন্যান্য ধাতব উপাদান ব্যবহার করে প্রস্তুত করা হয়। ফলে এটি হাতে তুলনামূলক বেশি প্রিমিয়াম অনুভূতি দেয়, দেখতে আকর্ষণীয় লাগে এবং অনেক ক্ষেত্রে বেশি টেকসইও হয়ে থাকে।

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো কার্ড মেটাল নাকি প্লাস্টিক, সেটি সাধারণত কার্ডের অফার, সুবিধা বা ব্যাংকিং ফিচার নির্ধারণ করে না। এই সুবিধাগুলো নির্ভর করে মূলত আপনি কোন ক্যাটাগরির গ্রাহক, আপনার কার্ডের ধরন কী এবং সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সেই সেগমেন্টের জন্য কী ধরনের সুবিধা ও রিওয়ার্ডস দিচ্ছে তার ওপর। অর্থাৎ কার্ড মেটাল বা প্লাস্টিক উপাদানগত যতটা না কার্যগত পার্থক্য তৈরি করে, তার চেয়ে বেশি তৈরি করে একটি প্রিমিয়াম অনুভূতি ও ভিজ্যুয়াল আকর্ষণ।

প্লাস্টিক কার্ড কি মেটাল কার্ডে পরিণত করা যায় ?
Can a Plastic Card be Converted into a Metal Card?

প্লাস্টিক কার্ডকে সরাসরি মেটাল কার্ডে রূপান্তর করা সাধারণভাবে সম্ভব নয়, এটি ব্যাংকের ইস্যু প্রক্রিয়ার উপরে নির্ভর করে এবং আলাদা প্রিমিয়াম কার্ড প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হয়। অতি সম্প্রতি বাংলাদেশের প্রায় সব ব্যাংকই স্পষ্টভাবে জানিয়েছে যে প্লাস্টিক কার্ডকে মেটালে কনভার্ট করার জন্য কোনো অনুমোদিত থার্ড-পার্টি এজেন্ট বা প্রতিষ্ঠান নেই, তাই এমন কোনো অফার পেলে সেটি অননুমোদিত এবং সম্ভাব্যভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা উচিত।

মেটাল বা কাস্টম কার্ডের প্রলোভন:

মেটাল বা কাস্টম কার্ডের প্রতি আগ্রহকে কেন্দ্র করে বর্তমানে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কার্যক্রমও বৃদ্ধি পাচ্ছে। কিছু ব্যক্তি বা থার্ড পার্টি প্রতিষ্ঠান সাধারণ প্লাস্টিক কার্ডকে প্রিমিয়াম মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে কার্ডের সামনের ও পেছনের ছবি, সিভিভি নম্বর, এমনকি ওটিপি পর্যন্ত সংগ্রহ করার চেষ্টা করে। পাশাপাশি অনেক প্রতারক ব্যাংকের কাস্টমার কেয়ার বা প্রতিনিধি পরিচয়ে ফোন করে কার্ড আপগ্রেড, লিমিট বৃদ্ধি, রিওয়ার্ড পয়েন্ট বা বিশেষ অফারের কথা বলে সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে চায়। আবার সোশ্যাল মিডিয়াভিত্তিক বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে “Premium Metal Card”, “VIP Card Design” বা “Free Upgrade” ধরনের অফার দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা হয়। এছাড়া ব্যাংকের নামে তৈরি ভুয়া ওয়েবসাইট বা ফিশিং লিংকের মাধ্যমেও লগইন তথ্য ও কার্ডের গোপন তথ্য চুরি করার ঘটনা ঘটছে। তাই যেকোনো প্রলোভনমূলক অফার বা অপ্রাতিষ্ঠানিক কার্ড কাস্টমাইজেশন সেবার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। এবং প্রয়োজনে প্রত্যেক ব্যাংকের কল সেন্টার এ কল করে এ ব্যাপারে জেনে নেওয়া যেতে পারে।

যেকোনো ব্যাংকের কল সেন্টারের যোগাযোগের তথ্য জানতে এখানে ক্লিক করুন....

মেটাল কার্ড আপগ্রেডের প্রলোভন, কী ধরনের ঝুঁকি ও ক্ষতির মুখে পড়তে পারেন?

▣ এক কথায় আর্থিক ক্ষতি। কার্ড তথ্য হাতিয়ে নিয়ে অননুমোদিত অনলাইন ট্রানজেকশন করা হতে পারে। অনেক সময় কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। 

▣ আপনার ফিন্যান্সিয়াল ডেটা প্রতারক চক্রের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কার্ডের তথ্যের পাশাপাশি মোবাইল নম্বর, ইমেইল, ঠিকানা এবং পরিচয় সংক্রান্ত তথ্যও প্রতারকদের হাতে চলে যেতে পারে। যার মাধ্যমে চক্রগুলো ভবিষ্যতে আপনাকে আর্থিক ক্ষতি করার ভয়াবহ মিশন পরিচালনা করতে পারে।

▣ সাধারণভাবে কোনো গ্রাহক সাইবার আক্রমণ, ফিশিং বা অন্য কোনো প্রতারণার শিকার হলে পরবর্তীতে তিনি সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ দায়ের করতে পারেন। একই সঙ্গে ব্যাংকের শক্তিশালী ফ্রড ডিটেকশন সিস্টেম সন্দেহজনক লেনদেন শনাক্ত করলে নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট কার্ড বা অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক বা সীমিত করতে পারে। এর ফলে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত গ্রাহকের স্বাভাবিক ব্যাংকিং সেবা ও লেনদেন কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে।

 কিছু নিরাপত্তা টিপস:

  • কখনও কার্ড নম্বর, সিভিভি বা ওটিপি অন্য কারও সাথে শেয়ার করবেন না
  • অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে কার্ড কাস্টমাইজ করতে যাবেন না
  • শুধুমাত্র ব্যাংকের অফিসিয়াল চ্যানেল ব্যবহার করুন
  • সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন
  • নিয়মিত ব্যাংক স্টেটমেন্ট ও ট্রানজেকশন হিস্ট্রি পর্যবেক্ষণ করুন
  • প্রয়োজন হলে সাথে সাথে ব্যাংকের কল সেন্টারে যোগাযোগ করুন
  • সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অফার যাচাই ছাড়া বিশ্বাস করবেন না

ব্যাংকের অনুমোদন ছাড়া কার্ড পরিবর্তন ঝুঁকি 
Risks of Unauthorized Card Modification

অনেকেই বাহ্যিক সৌন্দর্য বা স্ট্যাটাসের জন্য কার্ড কাস্টমাইজ করতে আগ্রহী হন। তবে ব্যাংকের অনুমোদন ছাড়া কার্ডের গঠন পরিবর্তন করলে তা কার্ডের নিরাপত্তা বৈশিষ্ট্য নষ্ট করতে পারে। চিপ, ম্যাগনেটিক স্ট্রিপ বা এনএফসি ফাংশন ক্ষতিগ্রস্ত হলে কার্ড অকার্যকরও হয়ে যেতে পারে। এছাড়া ব্যাংকের শর্ত ভঙ্গের কারণে ভবিষ্যতে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনাও থাকে।

0 Comments: