ব্যাংকিং ও ফিনটেকে এনএফসি প্রযুক্তি কী | NFC Technology in Banking and FinTech Industry
বর্তমান ডিজিটাল যুগে আমরা চাই দ্রুত, সহজ এবং নিরাপদ লেনদেন ব্যবস্থা। এই চাহিদা থেকেই এসেছে NFC (Near Field Communication) প্রযুক্তি। এটি এমন এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, যা মাত্র ৪ সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি ডিভাইসকে সংযুক্ত করে তথ্য আদান–প্রদান করতে সক্ষম করে। অর্থাৎ, এখন লেনদেনের জন্য শুধু “একটি ট্যাপই যথেষ্ট”। আমরা যদি আমাদের কার্ডের সামনে অথবা পেছনের কোন জায়গায় ওয়াইফাই সিগন্যালের মত চিহ্ন দেখতে পাই তাহলে বুঝে নিতে হবে সেই কার্ডটি এনএফসি সুবিধা সমর্থিত।
এনএফসি কীভাবে কাজ করে?
How NFC Technology Works?
এনএফসি প্রযুক্তি মূলত Radio Frequency Identification (RFID) এর উপর ভিত্তি করে কাজ করে। যখন আপনার এনএফসি সক্ষম কার্ড, মোবাইল ফোন বা স্মার্টওয়াচ একটি পেমেন্ট টার্মিনালের কাছাকাছি আনা হয়, তখন উভয় ডিভাইসের মধ্যে স্বল্প দূরত্বের চৌম্বক তরঙ্গের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়। যদিও এনএফসি প্রযুক্তিতেও চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে ডেটা আদান–প্রদান হয়, এটি ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ডের মতো স্থায়ী ডেটা সংরক্ষণ করে না। বরং প্রতিটি লেনদেনে ডায়নামিক এনক্রিপশন ও টোকেনাইজেশন ব্যবহারের ফলে এটি অনেক বেশি নিরাপদ ও সুরক্ষিত।
তবে চিন্তিত হবার কোন কারণ নেই, এই ডেটা নিরাপদভাবে এনক্রিপ্টেড থাকে, ফলে লেনদেন সম্পন্ন হয় মুহূর্তেই পিন বা স্লাইড করার প্রয়োজন ছাড়াই।
উদাহরণস্বরূপ, সুপার শপ কেনাকাটার পর পস মেশিনে শুধু কার্ড বা মোবাইলটি ট্যাপ করলেই পেমেন্ট সম্পন্ন হয়। একটি নির্দিষ্ট পরিমাণে এমাউন্ট পর্যন্ত কোন পিন নাম্বার প্রয়োজন হয় না। তবে ব্যাংকের নির্দিষ্ট পরিমাণ এমাউন্টের উপরে এই প্রযুক্তিতে পেমেন্ট করতে হলে তার জন্য পিন নম্বর যাচাইয়ের মাধ্যমেই লেনদেনটি সম্পূর্ণ করতে হয়।
এনএফসি পেমেন্টের নিরাপত্তা ব্যবস্থা
Security Features of NFC Payment System
অনেকে মনে করেন, স্পর্শহীন লেনদেন হয়তো কম নিরাপদ, কিন্তু আসলে এনএফসি লেনদেন অত্যন্ত নিরাপদ। এর প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো হলো:
▣ ডেটা এনক্রিপশন: প্রতিটি লেনদেনের তথ্য এনক্রিপ্টেড কোডে পাঠানো হয়।
▣ সীমিত দূরত্ব: এনএফসি সংযোগ কাজ করে সর্বোচ্চ ৪ সেন্টিমিটার দূরত্বে, যা অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ করে।
▣ টোকেনাইজেশন: প্রকৃত কার্ড তথ্য সরাসরি পাঠানো হয় না, বরং এককালীন ভার্চুয়াল টোকেন ব্যবহৃত হয়।
▣ অথেনটিকেশন: মোবাইল পেমেন্টের ক্ষেত্রে ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট বা পিন নিশ্চিত করে অতিরিক্ত সুরক্ষা।
এনএফসি টেকনোলজির সুবিধা
Benefits of NFC Technology
▣ দ্রুত লেনদেন: কেবল ট্যাপ করলেই পেমেন্ট সম্পন্ন, কোনো কার্ড ইনসার্ট বা স্বাক্ষর প্রয়োজন নেই।
▣ সুবিধাজনক ব্যবহার: কার্ড, মোবাইল, স্মার্টওয়াচ সবকিছুতেই ব্যবহারযোগ্য।
▣ নিরাপত্তা নিশ্চয়তা: এনক্রিপশন ও টোকেন সিস্টেমের কারণে ডেটা চুরি প্রায় অসম্ভব।
▣ কনট্যাক্টলেস অভিজ্ঞতা: স্বাস্থ্যবিধি বজায় রেখে টাচ ফ্রি লেনদেন ব্যবস্থা।
▣ গ্লোবাল এক্সেপ্টেন্স: আন্তর্জাতিক পেমেন্ট ব্র্যান্ড যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস ইত্যাদি এখন এটি ব্যাপকভাবে এটি সাপোর্ট করে।
ডিজিটাল পেমেন্টে এনএফসি প্রযুক্তি
NFC Technology in Digital Payments
▣ ব্যাংক কার্ড পেমেন্টে ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/ প্রিপেইড কার্ডে ট্যাপ এন্ড পে সুবিধা।
▣ মোবাইল পেমেন্ট অ্যাপসের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে পেমেন্ট সুবিধা যেমন গুগল পে, অ্যাপেল পে, স্যামসাং পে ইত্যাদি। দেশীয় প্ল্যাটফর্ম গুলো ধীরে ধীরে এই প্রযুক্তিতে অগ্রসর হচ্ছে যেমন বিকাশ ও সিটিটাচ।
এনএফসি প্রযুক্তি শুধুমাত্র ব্যাংকিং বা কার্ড পেমেন্টের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর ব্যবহার বিভিন্ন খাতে ব্যাপকভাবে বিস্তৃত। ট্রান্সপোর্ট ও টিকিটিং সিস্টেমে দ্রুত ভাড়া পরিশোধ, অ্যাক্সেস কন্ট্রোল ও সিকিউরিটি গেট ব্যবস্থায় পরিচয় যাচাই, এবং ডিজিটাল আইডি সলিউশনে নিরাপদ অথেনটিকেশনসহ বিভিন্ন আধুনিক সেবায় এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এনএফসি মূলত একটি স্বল্প দূরত্বের কন্ট্যাক্টলেস কমিউনিকেশন প্রযুক্তি, যা নিরাপদ ও দ্রুত ডেটা আদান-প্রদান নিশ্চিত করে। তবে এই নিবন্ধে আমরা আলোচনাটি শুধুমাত্র ব্যাংকিং ও আর্থিক খাতে এর ব্যবহার ও প্রাসঙ্গিক দিকগুলোর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, যাতে ফিনটেক ও পেমেন্ট সিস্টেমে এর ভূমিকা আরও স্পষ্টভাবে উপস্থাপন করা যায়।
এনএফসি প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনাFuture Prospects of NFC Technology
বিশ্বব্যাপী কনট্যাক্টলেস পেমেন্টের প্রবণতা দ্রুত বাড়ছে। মাস্টার কার্ড এর একটি রিপোর্ট (২০২৩) অনুযায়ী, প্রতিদিনের লেনদেনে এনএফসি ভিত্তিক লেনদেনের হার ৭০% এর বেশি। বাংলাদেশেও ইতোমধ্যে অনেক ব্যাংক এবং ফিনটেক প্রতিষ্ঠান Tap & Pay সুবিধা চালু করেছে, যা ধীরে ধীরে প্রচলিত চিপ ও ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ডের বিকল্প হয়ে উঠছে।
এনএফসি প্রযুক্তির ব্যবহার শুধুমাত্র কার্ড পেমেন্টের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি এখন বাংলাদেশের বিভিন্ন আর্থিক ও ডিজিটাল পেমেন্ট সিস্টেমে ব্যাপকভাবে সংযুক্ত হচ্ছে। বিশেষ করে বিকাশ তাদের ট্যাপ-এন্ড-পে (Tap & Pay) ফিচারের মাধ্যমে এনএফসি প্রযুক্তি ব্যবহার করছে, একইভাবে সিটি ব্যাংক তাদের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম সিটিটাচ-এ এনএফসি-ভিত্তিক কন্ট্যাক্টলেস পেমেন্ট সিস্টেম সংযুক্ত করেছে। এই প্রযুক্তি এখন ধীরে ধীরে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও বিস্তৃত হচ্ছে, ফলে দেশের কন্ট্যাক্টলেস পেমেন্ট ইকোসিস্টেম আরও আধুনিক ও সমৃদ্ধ হয়ে উঠছে।
এনএফসি প্রযুক্তির ঝুঁকি ও অসুবিধা
Risks and Disadvantages of NFC Technology
এনএফসি প্রযুক্তি দ্রুত ও সহজ লেনদেনের সুবিধা দিলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। স্বল্প দূরত্বের বেতার যোগাযোগ হওয়ায় নিরাপত্তা ঝুঁকি যেমন ডেটা ইন্টারসেপশন বা অননুমোদিত অ্যাক্সেসের সম্ভাবনা থাকে। এছাড়া কার্ড বা ডিভাইস হারিয়ে গেলে সীমিত অঙ্কের অননুমোদিত লেনদেন হওয়ার ঝুঁকিও থাকে। সব জায়গায় এনএফসি সুবিধা না থাকায় এর ব্যবহার এখনও সীমিত। এসব অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে বাজারে আরএফআইডি কার্ড প্রটেক্টর হোল্ডার বা আরএফআইডি ব্লকিং স্লিভ সহজলভ্য, যা ব্যবহার করলে কার্ডের তথ্য অননুমোদিত স্ক্যানিং থেকে সুরক্ষিত রাখা সম্ভব। তবে উন্নত এনক্রিপশন ও সিকিউরিটি সিস্টেমের কারণে এনএফসি প্রযুক্তিকে তুলনামূলকভাবে নিরাপদ একটি পেমেন্ট মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়।
সুতরাং, এনএফসি টেকনোলজি আমাদের দৈনন্দিন লেনদেনকে করেছে দ্রুত, স্মার্ট ও সম্পূর্ণ স্পর্শহীন। ট্যাপ এন্ড পে কেবল একটি সুবিধা নয়, বরং এটি হচ্ছে আধুনিক ব্যাংকিং নিরাপত্তা ও সুবিধার নতুন প্রতীক। এক কথায়, লেনদেনের ভবিষ্যৎ এখন আপনার এক ট্যাপের দূরত্বে।

0 Comments: