ইএমভি চিপ প্রযুক্তি কী | What is EMV Chip Technology and How it Works?
ইএমভি চিপ (EMV Chip) আমাদের ব্যাংক কার্ডের উপরের ছোট্ট সোনালি অংশটা, দেখতে অনেকটা মোবাইলের সিম কার্ডের মতো। কিন্তু এই ক্ষুদ্র অংশটাই আজ আমাদের টাকার সবচেয়ে বড় নিরাপত্তার প্রহরী! একসময় আমরা ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড দিয়ে লেনদেন করতাম, যেখানে তথ্যগুলো সহজেই কপি করে ক্লোন কার্ড তৈরি করা যেত। তারপর ফিনটেক প্রযুক্তিবিদরা ভাবলেন , “ষযদি কার্ডের ভেতরেই একটা ছোট্ট কম্পিউটার বসিয়ে দিই, তাহলে কেমন হয়?
সেখান থেকেই জন্ম হলো ইএমভি চিপ এর এক ক্ষুদ্র চিপ অথচ বুদ্ধিমান নিরাপত্তা প্রহরী, যে প্রতিটি লেনদেনে নতুন কোড তৈরি করে আমাদের অর্থ ও আইডেন্টিটি সুরক্ষিত রাখে।
আমরা ইএমভি প্রযুক্তির সাথে প্রথম পরিচিত হই ১৯৯৪ সালে। যদিও ইএমভি চিপ প্রযুক্তি প্রথম বাণিজ্যিকভাবে চালু হয় ১৯৯৪ সালে শুধু ইউরোপে, এবং পরবর্তী দুই দশকে এটি বিশ্বব্যাপী ব্যাংকিং নিরাপত্তার মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়।
ইএমভি চিপ উদ্ভাবনের আগে আমরা যেসব ম্যাগনেটিক স্ট্রাইপযুক্ত কার্ড ব্যবহার করতাম, সেগুলো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সহজেই ক্লোনযোগ্য। ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড সম্পর্কে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি। ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড সম্পর্কে আমাদের পূর্বের কন্টেন্টটি পড়তে এখানে ক্লিক করুন......
ইএমভি চিপ কী?
What Is an EMV Chip?
ইএমভি (EMV) শব্দটি এসেছে তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম থেকে Europay, MasterCard, এবং Visa। এই তিন প্রতিষ্ঠান যৌথভাবে এমন একটি নিরাপদ পেমেন্ট প্রযুক্তি তৈরি করেছে, যেখানে প্রতিটি কার্ডের মধ্যে একটি মাইক্রোপ্রসেসর চিপ সংযুক্ত থাকে।
এই চিপ প্রতিটি লেনদেনের সময় একটি ডাইনামিক (একবার ব্যবহৃত হয় এমন) কোড তৈরি করে, যা নকল বা কপি করা প্রায় অসম্ভব। পরবর্তীতে ধাপে ধাপে সব প্রধান আন্তর্জাতিক কার্ড নেটওয়ার্ক ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ইউনিয়ন পে এবং ডিসকভার/ ডিনার্স ক্লাব বর্তমানে EMV Chip Standard অনুসরণ করছে, যা EMVCo কর্তৃক অনুমোদিত একটি বৈশ্বিক নিরাপত্তা কাঠামো।
ইএমভি চিপ কীভাবে লেনদেন সুরক্ষিত রাখে?
How does an EMV Chip Secure Transactions?
ইএমভি চিপ প্রযুক্তি প্রচলিত ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ডের তুলনায় বহুগুণ নিরাপদ। এর মূল নিরাপত্তা প্রক্রিয়াগুলো হলো:
- ডাইনামিক অথেন্টিকেশন (Dynamic Authentication): প্রতিটি লেনদেনে নতুন একটি কোড তৈরি হয়। ফলে কার্ডের তথ্য চুরি হলেও সেই কোড পুনরায় ব্যবহার করা যায় না।
- এনক্রিপশন (Encryption): কার্ড ও ব্যাংকের সার্ভারের মধ্যে যে ডেটা আদান-প্রদান হয়, তা এনক্রিপ্ট করা থাকে, অর্থাৎ শুধুমাত্র অনুমোদিত সিস্টেমই সেই তথ্য পড়তে পারে।
- ফিজিক্যাল সিকিউরিটি (Physical Security): চিপটি নিজেই সুরক্ষিত ধাতব স্তরে সংরক্ষিত থাকে, যা সহজে নকল বা ক্লোন করা যায় না।
- পিন (PIN) ভেরিফিকেশন: প্রায় সব ধরনের চিপ লেনদেনে কার্ডহোল্ডারের পরিচয় যাচাই করতে পিন (PIN) প্রয়োজন হয়, যা নিরাপত্তাকে আরও শক্তিশালী করে।
কেন ইএমভি চিপ গুরুত্বপূর্ণ?
Why is an EMV Chip Important?
- অনলাইন ও পজ লেনদেনে জালিয়াতি রোধ করে।
- কার্ড স্কিমিং বা তথ্য চুরি প্রতিরোধ করে।
- আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বাধ্যতামূলক নিরাপত্তা মানদণ্ড।
- বাংলাদেশের প্রায় সকল ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ইতিমধ্যেই এটি ব্যবহার বাধ্যতামূলক করেছে।
ইএমভি চিপ সম্বলিত কার্ড ব্যবহারকারীদের জন্য পরামর্শ:
- সবসময় ইএমভি চিপযুক্ত কার্ড ব্যবহার করুন
- অনলাইন লেনদেনে ওটিপি বা টু-ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় রাখুন
- অচেনা এটিএম বা পেমেন্ট টার্মিনালে কার্ড ব্যবহার এড়িয়ে চলুন
- কার্ড হারিয়ে গেলে দ্রুত ব্যাংককে জানান এবং কার্ড ব্লক করুন
ইএমভি চিপ প্রযুক্তি বর্তমানে ব্যাংকিং নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভাবন। এটি শুধু লেনদেনের নিরাপত্তা বাড়ায় না, বরং প্রতারণা, স্কিমিং এবং ক্লোনিং এর মতো ঝুঁকি থেকে গ্রাহকদের সুরক্ষা দেয়।
ইএমভি চিপ প্রযুক্তি পেমেন্ট কার্ডের নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করলেও, এর সুবিধাকে আরও আধুনিক ও দ্রুত করেছে এনএফসি (NFC, Near Field Communication) প্রযুক্তি। বর্তমানে অধিকাংশ ইএমভি চিপযুক্ত ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডে ওয়াই-ফাই সিগন্যালের মতো দেখতে একটি বিশেষ প্রতীক থাকে, যা কার্ডটির কন্ট্যাক্টলেস বা ট্যাপ-টু-পে সুবিধা সমর্থন করার ইঙ্গিত দেয়। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারী কার্ডটি পস টার্মিনালে স্পর্শ না করেই কাছাকাছি ট্যাপ করে দ্রুত ও নিরাপদে লেনদেন সম্পন্ন করতে পারেন, ফলে পেমেন্ট প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক হয়ে ওঠে। এনএফসি টেকনোলজি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.....

0 Comments: