বাংলাদেশ ব্যাংকে অভিযোগের আগে করণীয় | Steps Before Filing a Complaint to Bangladesh Bank
বাংলাদেশের যেকোনো তফসিলভুক্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহক যদি প্রতারণা, অনিয়ম, দুর্ব্যবহার কিংবা সেবাগত জটিলতার শিকার হন, তাহলে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ দায়ের করে ন্যায্য সমাধান ও গ্রাহক অধিকার নিশ্চিত করার সুযোগ রয়েছে। এ ধরনের অভিযোগ তদারকি ও নিষ্পত্তির জন্য বাংলাদেশ ব্যাংক একটি নির্দিষ্ট সেবা বিভাগ পরিচালনা করে।
তবে আমরা অনেক সময় বুঝে কিংবা না বুঝেই একটি অভিযোগ দায়ের করি এবং পরবর্তীতে সেই অভিযোগের সাথে সাথে ভিত্তি না থাকার কারণে তা বাতিল হয়ে যায়। এমনকি প্রক্রিয়াগত কিছু ভুলের কারণেও প্রকৃত অভিযোগের সঠিক সুরাহা পাওয়া অসম্ভব হয়ে পড়ে।
তাই সরাসরি কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ জানানোর আগে সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া অনুসরণ করা গুরুত্বপূর্ণ। এবং তার সমস্যাটির প্রকৃত সমাধান আসলেই সে কি চাচ্ছে এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান তাকে কি সমাধান দিচ্ছে সে তফাৎটা আগে দেখতে হবে। তারপর বিচার বিবেচনা করে যদি মনে হয় তার সাথে অবিচার করা হয়েছে তখন অবশ্যই সে পরবর্তী যেকোনো প্রক্রিয়াগত ব্যবস্থা নিতে পারবে।
তবে যে কোন বিষয়ে বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করার পূর্বে যে ধাপগুলো অনুসরণ করা প্রয়োজন তা নিচে দেওয়া হল:
ব্রাঞ্চ পর্যায়ে অভিযোগ করুন
যদি কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম, ভুল তথ্য প্রদান বা অশোভন আচরণের অভিযোগ থাকে, তাহলে প্রথমেই সংশ্লিষ্ট ব্রাঞ্চ ম্যানেজার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে বিষয়টি জানান। মৌখিক অভিযোগের পাশাপাশি লিখিত অভিযোগ দাখিল করলে তা অধিক কার্যকর ও গ্রহণযোগ্য হয়।
ব্যাংকের কল সেন্টারে যোগাযোগ করুন
ব্রাঞ্চ পর্যায়ে সমস্যার সমাধান না হলে সংশ্লিষ্ট ব্যাংকের কল সেন্টার বা কাস্টমার কেয়ারে অভিযোগ জানান। বর্তমানে অধিকাংশ ব্যাংকই ২৪/৭ হেল্পলাইন সেবা প্রদান করে, যেখানে অভিযোগ নথিভুক্তকরণ ও ফলো-আপ সুবিধা পাওয়া যায়।
যেকোনো ব্যাংকের কল সেন্টারের যোগাযোগের তথ্য পেতে এখানে ক্লিক করুন...
কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সেলে অভিযোগ করুন
কল সেন্টারের মাধ্যমেও সমাধান না হলে ব্যাংকের কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সেল বা গ্রাহক অভিযোগ বিভাগে লিখিতভাবে অভিযোগ পাঠান। অধিকাংশ ব্যাংক অনলাইন কমপ্লেইন্ট ফর্ম, নির্ধারিত ই-মেইল অথবা অভিযোগ জমাদানের বিশেষ চ্যানেল সরবরাহ করে থাকে।
ব্যাংকগুলোর কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সেলে যোগাযোগের তথ্য পেতে এখানে ক্লিক করুন....
চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ ব্যাংক-এ অভিযোগ দায়ের করুন
উপরোক্ত সকল ধাপ অনুসরণের পরও যদি সমস্যার সন্তোষজনক সমাধান না হয়, তাহলে চূড়ান্তভাবে বাংলাদেশ ব্যাংক এর Financial Integrity and Customer Services Department (FICSD)-এ অভিযোগ দায়ের করা যেতে পারে। বাংলাদেশ ব্যাংক অভিযোগ নিরপেক্ষভাবে পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা বা নির্দেশনা প্রদান করে থাকে।
বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানানোর ফরম, ই-মেইল ঠিকানা এবং অন্যান্য তথ্য পেতে এখানে ক্লিক করুন......
গুরুত্বপূর্ণ পরামর্শ
▣ অভিযোগের লিখিত কপি, ই-মেইল এবং জমাদানের রসিদ সংরক্ষণ করুন।
▣ অভিযোগের সঙ্গে সুনির্দিষ্ট ঘটনা, তারিখ, সময়, ট্রানজেকশন তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্মকর্তার নাম উল্লেখ করুন।
▣ অভিযোগের ভাষা সংক্ষিপ্ত, স্পষ্ট এবং তথ্যভিত্তিক রাখুন।
▣ অভিযোগ দায়েরের আগে নিশ্চিত হয়ে নিন যে, বিষয়টি দেশের প্রচলিত আইন, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা এবং ব্যাংকের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা।
▣ সম্ভব হলে অভিযোগের পক্ষে সহায়ক ডকুমেন্ট, স্ক্রিনশট, এসএমএস, ই-মেইল বা অন্যান্য প্রমাণ সংযুক্ত করুন।
